স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে হাইপারফরম্যান্স ইউনিটের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু দেশের সবচেয়ে অভিজ্ঞ এই কোচকে আবারও ফিরিয়ে আনা হয়েছে জাতীয় দলে।
জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। তার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। জিম্বাবুয়ে সিরিজেও থাকবেন তিনি। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও ট্রেইনার জেমস প্যামেন্ট। যার কারণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দিয়েছে জাতীয় দলের কোচিং প্যানেলে।
অভিজ্ঞতার ঘাটতি সমাধানে সালাহউদ্দিনকে আবারও জাতীয় দলে ফিরে আনা হয়েছে। শুধু অজিদের বিপক্ষে নয়, জিম্বাবুয়ে সিরিজেও থাকবেন তিনি।
এইচপি থেকে জাতীয় দলে ফেরায়, জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। এইচপির লাল বলের খেলা দেখতে সিলেটে অবস্থান করবেন সালাহউদ্দিন। এছাড়াও আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুলরাও থাকবেন সিলেটে।
আজ বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়। এরপর চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।