স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচের ভেন্যু ও সম্ভাব্য সময় আগেই জানানো হয়েছিল। এবার ম্যাচ দুটির দিনক্ষণও চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ম্যাকাইতে অনুষ্ঠিত হবে কোনো টেস্ট ম্যাচ।
বুধবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করে সিএ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারার ওভালে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।
এই দুই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়টি গত ডিসেম্বরেই জানিয়েছিলেন সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। শেষ পর্যন্ত এবারের সিরিজেও অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যুতে খেলার সুযোগ পেল না বাংলাদেশ।
২০০৩ সালের জুলাইয়ে একবারই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েছিল টাইগাররা। সেবারও ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছিল নর্দান টেরিটরিতে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ডারউইনে, আর শেষ ম্যাচ কেয়ার্নসে। দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
২০১৭ সালে এই দুই দল সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশের মাটিতে। সেবার একটি ম্যাচ জিতেছিল মুশফিকুর রহিমের দল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ছয় টেস্টের পাঁচটিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে ব্যস্ত মৌসুম শুরু হবে অস্ট্রেলিয়ার। এই সিরিজসহ পরবর্তী এক বছরের মধ্যে মোট ২০টি টেস্ট খেলবে কামিন্স-স্মিথরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলে বাড়বে আরও একটি ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলবে অজিরা। এরপর দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে চার টেস্ট। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারত সফরে আছে পাঁচ টেস্ট। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে টেস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিশেষ একটি টেস্ট খেলবে তারা। এরপর জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে খেলবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। আগামী জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।