স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মেতে ক্রিকেটভক্তরা। ভারতের মাটিতে এখন ক্রিকেট উৎসব। তাছাড়া আইপিএলের দৌলতে দেশ-বিদেশের ক্রিকেটারদের ভারতে নিত্য যাতায়াত। অনেকে জীবনসঙ্গিনীও খুঁজে নিয়েছেন ভারতে। তার মধ্যে আছেন পাকিস্তানি ক্রিকেটাররাও।
পাক ক্রিকেটাররা অবশ্য ভারতে আইপিএল খেলার ছাড়পত্র পান না। তবে ভারতীয়রাও তো বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। অনেক আন্তর্জাতিক ক্রিকেটার ভারতে ভালোবাসা পেয়েছেন। কয়েকজন বিদেশি ক্রিকেটার ভারতীয় মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ফার্মাসিস্ট ভিনি রমনকে বিয়ে করেছেন। ভিনি ভারতের চেন্নাইয়ের বাসিন্দা। তাদের গল্প শুরু হয়েছিল ২০১৩ সালে। মেলবোর্ন স্টারসের একটি ইভেন্টে তাঁদের প্রথম দেখা হয়। ২০২২ সালের মার্চ মাসে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভারতীয় অভিনেত্রী রীনা রায় তাঁর সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ১৯৮৩ সালে যখন তিনি চলচ্চিত্র ছেড়ে পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে তাঁদের মধ্যে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এক কন্যা সন্তানের জন্মের পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ১৯৯২ সালে রীনা রায় ভারতে ফিরে আসেন।
পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলি ২০১৯ সালে ভারতীয় নাগরিক সামিয়া আরজুকে বিয়ে করেন। সামিয়া হরিয়ানার বাসিন্দা এবং দুবাইতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। দুবাইতে বিয়ের অনুষ্ঠান হলেও তা ছিল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের জন্য।
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট ২০১৪ সালে ভারতীয় মডেল মাশুম সিংহাকে বিয়ে করে অনেককে অবাক করে দেন। ২০১০ সালে আইপিএলের এক আফটার পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়। মাশুম এবং টেইটের চার বছর প্রেমের পর তারা মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানে বিয়ে করেন। সেই অনুষ্ঠানে যুবরাজ সিং ও জাহির খানও ছিলেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত মুথাইয়া মুরালিধরন ২০০৫ সালে চেন্নাইয়ের ভারতীয় মহিলা মাধিমালার রামামূর্তিকে বিয়ে করেন। অনুষ্ঠানে ক্রিকেটের অনেক তারকা উপস্থিত ছিলেন। অবসরের পর দম্পতি জনহিতকর কাজে ব্যস্ত।
ভারতীয় এবং একজন বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে আলোচিত বিবাহের মধ্যে হল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে। ২০১০ সালে তাঁরা জমকালো অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ হয়।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলি তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক ও নেতৃত্বদানের জন্য পরিচিত। তিনি ভারতীয় মনোবিজ্ঞানী এবং গুজরাটের সুপরিচিত সারাভাই পরিবারের সদস্য মানা সারাভাইকে বিয়ে করেছিলেন। মানার বাবা অম্বালাল সারাভাই ছিলেন একজন শিল্পপতি এবং তার মা মৃদুলা সারাভাই ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী।
নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার গ্লেন টার্নার ১৯৭৩ সালে ভারতীয় বংশোদ্ভূত সুখিন্দর কৌর গিলকে বিয়ে করেন। সুখির জন্ম ভারতে এবং ছোটবেলায় পরিবারের সাথে ইংল্যান্ডে চলে আসেন। ইংল্যান্ডের ওরচেস্টারশায়ারে কাউন্টি ক্রিকেট খেলার সময় গ্লেন টার্নারের সঙ্গে প্রথম সাক্ষাৎ। পরে সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আনুষ্ঠানিকভাবে বিয়ে না হলেও দীর্ঘসময় চর্চায় ছিল নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের প্রেমকাহিনি। ক্যারিবিয়ান ক্রিকেটার তখন বিবাহিত ছিলেন। ১৯৮৯ সালে তাঁদের এক কন্যা সন্তানও হয়। সিঙ্গল মাদার হিসেবে যার দেখভালের দায়িত্ব নেন নীনা। মাসাবা গুপ্তা বর্তমানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। --- সূত্র, সংবাদপ্রতিদিন