নামে মিনি হলেও দর কষাকষিতে এবারের আইপিএল নিলাম কোনোভাবেই মেগা নিলামের চেয়ে কম ছিল না। অর্থের ঝনঝনানিতে ভেঙেছে আগের ১৮ আসরের একাধিক রেকর্ড।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। যেখানে ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে বিদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দামে ইতিহাস গড়েছেন দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দফায় অবিক্রিত থেকেও দ্বিতীয় ডাকে নিলামের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের মিনি নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার—
১. ক্যামেরন গ্রিন: বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়া ক্যামেরন গ্রিন এবারের নিলামেও ছিলেন সবচেয়ে দামি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারকে নিতে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তুমুল লড়াই হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়ায় কলকাতা। এর আগে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি পেয়েছিলেন মিচেল স্টার্ক।
২. মাথিশা পাথিরানা: নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বোলারকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে এবারের নিলামের দুই সর্বোচ্চ দামি খেলোয়াড়ই কলকাতার।
৩–৪. কার্তিক শর্মা ও প্রশান্ত বীর: যৌথভাবে তালিকার তিন ও চার নম্বরে আছেন দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। মাত্র ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে দলে নিতে চেন্নাই সুপার কিংস খরচ করেছে ১৪ কোটি ২০ লাখ রুপি করে।
৫. লিয়াম লিভিংস্টোন: প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে বাজিমাত করেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারকে ১৩ কোটি রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।
৬. মোস্তাফিজুর রহমান: তালিকার ছয়ে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ফিজকে নিতে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। আইপিএলের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ দামি বাংলাদেশি ক্রিকেটার।
৭. জশ ইংলিস: অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিস দ্বিতীয় দফায় নাম ওঠার পর ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে বিক্রি হন। তাকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
৮. আকিব ধার: ভারতের আনক্যাপড পেসার আকিব ধারকে নিয়ে ছিল বেশ কাড়াকাড়ি। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই বোলারকে দলে নিতে দিল্লি ক্যাপিটালসকে খরচ করতে হয়েছে ৮ কোটি ৪০ লাখ রুপি।
৯. রবি বিষ্ণোই: ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে ৭ কোটি ২০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দেন।
১০. জেসন হোল্ডার: ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার ৭ কোটি রুপিতে জায়গা করে নিয়েছেন সেরা দশে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।
এক নজরে ২০২৬ আইপিএল নিলামের ১০ দামি ক্রিকেটার
ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স) – ২৫ কোটি ২০ লাখ রুপি
মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স) – ১৮ কোটি রুপি
কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস) – ১৪ কোটি ২০ লাখ রুপি
প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস) – ১৪ কোটি ২০ লাখ রুপি
লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ) – ১৩ কোটি রুপি
মোস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স) – ৯ কোটি ২০ লাখ রুপি
জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) – ৮ কোটি ৬০ লাখ রুপি
আকিব ধার (দিল্লি ক্যাপিটালস) – ৮ কোটি ৪০ লাখ রুপি
রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস) – ৭ কোটি ২০ লাখ রুপি
জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স) – ৭ কোটি রুপি