কক্সবাজার পৌরসভার কলাতলীতে নবনির্মিত গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গ্যাস স্টেশনটিতে বুধবার সন্ধ্যা ৭টার দিক থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল দ্য ডেইলি স্টারকে জানান, আহতদের মধ্যে ছয়জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
‘গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আরও আটজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে,’ বলেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘এন আলম নামের গ্যাস স্টেশনটিতে প্রায় তিন ঘণ্টা গ্যাস লিকেজ চলতে থাকায় আশপাশের এলাকার বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের গন্ধ ছড়ায়, এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলাম। তারপর রাত ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও বলেন, বিস্ফোরণের পর পাম্পের ভেতরে কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং তা আশপাশের স্থাপনাতেও ছড়িয়ে পড়ে। আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছিল। মাইকিং করে আশপাশে আগুন না জ্বালানোর নির্দেশ দেওয়া হয়।
কক্সবাজার শহরের অন্যতম প্রবেশপথ কলাতলী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, এলপিজি গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লিকেজ বন্ধ ও নিরাপদে লোকজন সরিয়ে নিতে কাজ চলছে।
তিনি জানান, আগুন ফিলিং স্টেশনের ভেতরের একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। রাত ১টা পর্যন্ত গ্যাস লিকেজ চলতে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ওসি ছমি উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখে এবং ক্ষয়ক্ষতি কমাতে অন্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এ বিষয়ে জানতে এন আলম ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।