শিরোনাম
◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক হয়েছেন এক বহিরাগত যুবক। সোমবার (২৯ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

আটক বহিরাগত যুবক কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে চলমান ফুটবল বিশ্বকাপের ব্রাজিল বনাম জাপানের খেলা দেখছিলেন শিক্ষার্থীরা। খেলা শেষে ছাত্রীদের কয়েকজন টিএসসির ওয়াশরুমে যান।

এ সময় ছাত্রীদের ওয়াশরুমে কোনো পুরুষ ঢুকে তড়িঘড়ি করে বের হয়ে গেছেন, এমন সন্দেহ করেন একজন। ওয়াশরুম থেকে বের হয়ে কয়েকজন ছাত্রী ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। পরে তাঁর মুঠোফোন তল্লাশি করে দেখতে পান, তিনি ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ভিডিও ধারণ করেছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, রিয়াজের ফোনের গ্যালারিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ক্যাম্পাসের ছাত্রীদের এমন স্পর্শকাতর ভিডিও পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের কয়েকজন তাঁকে পিটুনি দেন। ঘটনাস্থল থেকে নিরাপত্তাশাখার কর্মীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে নিয়ে যান। আশুলিয়া থানার পুলিশ প্রান্তিক ফটকে আসে। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীদের অনেকেই প্রান্তিক ফটকে গেলে পুলিশ প্রশাসনের অনুমতি না নিয়েই অভিযুক্ত ব্যক্তিকে গাড়িতে করে নিয়ে চলে যান।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুলিশকে ফোন করে আবার ক্যাম্পাসে নিয়ে আসেন। এরপর ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় অভিযুক্ত ব্যক্তিকে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দেন এবং মামলা করার জন্য আশুলিয়া থানায় যান।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. সীমান্ত বলেন, যখন রিয়াজের ফোন চেক করা হয়, তখন তাতে ১৪০টির মতো ভিডিও পাওয়া যায়।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখানো হয় শুনে আমি আসছিলাম। পরে ওয়াশরুমে যাওয়ার সময় আমার এক বন্ধু আমার কাছ থেকে ফোন নিয়ে ভিডিও করতে গেছিল। আমি তাঁর পেছনে পেছনে গিয়েছিলাম, পরে সে দৌড়ে পালায় গেছে।’ তাঁর ফোনে গত ছয় মাসের ভিডিও কীভাবে এল—এমন প্রশ্ন করলে তিনি বলেন, এর আগেও ক্যাম্পাসে এসেছি। সে সময় কিছু ভিডিও করেছিলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, খুবই ন্যক্কারজনক একটি ঘটনা ঘটেছে। গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করত এক যুবক। বহিরাগত ওই যুবককে আটক করে থানা–পুলিশে দেওয়া হয়েছে এবং মামলা করা হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে। মামলার পর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়