হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির ফের অবনতি ঘটেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৮ জন রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বেসরকারি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫ জন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ৬০২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৮ জন। আর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯ জন।