শিরোনাম
◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোদাগাড়ীতে ইউএনওর কার্যালয় ঘেরাও, এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও এবং প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা, কর্মচারীদের অবরুদ্ধ করা ও সরকারি কর্মকর্তাকে আঘাতের অভিযোগে দায়ের করা এ মামলায় দণ্ডবিধির চারটি ধারা উল্লেখ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) গোদাগাড়ী থানায় মামলাটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মোক্তার হোসেন। মামলার নম্বর ১৬। এতে দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৩২ ও ১৯০ ধারা উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—আতিকুর রহমান, মো. মাহফুজুর রহমান, জিয়াউর রহমান, মো. ইলিয়াস উদ্দিন, মোখলেসুর হোসেন, আব্দুল হামিদ বাবলু ও মো. হেলাল উদ্দিন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, “গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মোক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

এর আগে রোববার (১২ অক্টোবর) সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের নেতারাও অংশ নেন।

আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এতে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলে।

আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করে দলীয় প্রভাবের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে। নিয়োগ পাওয়া কয়েকজন ডিলারের সার বিক্রির দোকান বা গুদামও নেই বলে দাবি করেন তাঁরা।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করেন, নিয়োগ পাওয়া অধিকাংশ ডিলার বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ইউএনওকে জনগণের সামনে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

রাজশাহী জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বাবলু বলেন, “আমরা এই ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই, ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক। কোনো ধরনের দলীয়করণ বা পক্ষপাত যেন না থাকে।”

এ বিষয়ে ইউএনও ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিনিয়র স্যার এসেছেন। প্রটোকলে আছি, পরে কথা বলব।”