শিরোনাম
◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন হল রোড এলাকায় আজমল হোসেন (২২) নামে এক শিক্ষার্থীকে মারধরের পর তার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চুরির অভিযোগ তুলে খুবির কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী তাকে মারধর করেন বলে অভিযোগ। মারধরের একপর্যায়ে আজমল ভবনের পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে যান এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নিজে থেকে পড়ে গেছেন, নাকি ফেলে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

advertisement

নিহত আজমল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঘটনাস্থলের ভবনের একটি মেসে থাকতেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়।

আজমলের বাবা কুতুব উদ্দিন জানান, তার দুই ছেলের মধ্যে আজমল বড়। প্রায় এক বছর আগে সে লেখাপড়ার জন্য খুলনায় আসে এবং মাত্র দশ দিন আগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বাড়িতে গিয়েছিল। শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে বিকেলে খুলনায় ফেরে আজমল এবং রাত ৯টার দিকে বাবার সঙ্গে শেষবার কথা বলে জানায়, সে ভালো আছে।

advertisement

কুতুব উদ্দিন বলেন, “রাত ১২টার পর ছেলের মোবাইল নম্বর থেকেই অন্য একজন ফোন করে দাবি করে যে আজমল ঝামেলা করেছে এবং তাকে ছাড়াতে হলে দ্রুত এক লাখ টাকা আনতে হবে।“ কৃষিকাজ করে সংসার চালানো কুতুব উদ্দিন তখন আর্থিক অক্ষমতার কথা জানালেও দ্রুত খুলনায় আসার কথা বলেন। রাতেই ট্রেনে রওনা দিয়ে সকালে মেসে পৌঁছে ছেলের সন্ধান না পেয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে মারধরের ঘটনা জানতে পারেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থল ভবনটি খুবির খানজাহান আলী হল-সংলগ্ন একটি মেসবাড়ি, যেখানে আজমল চতুর্থ তলার একটি কক্ষে থাকতেন। মেসের অন্য এক শিক্ষার্থী জানান, চুরির অভিযোগ তুলে কয়েকজন আজমলকে ছাদে নিয়ে গিয়ে মারধর করে, যদিও তিনি সরাসরি ঘটনার বিস্তারিত বলতে পারেননি। আশপাশের ভবনের এক বাসিন্দা জানান, রাত পৌনে একটার দিকে জোরালো শব্দ শুনে বাইরে এসে গলিতে আহত অবস্থায় আজমলকে পড়ে থাকতে দেখেন, পরে শিক্ষার্থীরাই অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেন।

advertisement

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং দুই পা ভাঙা অবস্থায় ছিল। হাসপাতালে ভর্তির ১৫-২০ মিনিটের মধ্যেই তিনি মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, চুরির অভিযোগ ঘিরে ঝামেলার খবর আগের রাতেই তারা পেয়েছিলেন এবং প্রাথমিক তথ্যে জানা গেছে, মারধরের পর আজমল ছাদ থেকে পড়ে আহত হন। থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন মিলন বলেন, “ঘটনাস্থল থেকে চুল, কাঠের টুকরা ও একাধিক পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং মুক্তিপণ দাবির অভিযোগের সত্যতা যাচাই চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

আজমলের বাবা কুতুব উদ্দিন জানান, তিনি আইনি প্রক্রিয়ায় যেতে চান না এবং কারও বিরুদ্ধে অভিযোগ করবেন না। তিনি জানান, তারা দরিদ্র মানুষ, ন্যায়বিচার পাওয়ার সামর্থ্য নেই বলে মনে করেন এবং বিষয়টি তিনি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, “ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই, তবে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শোক প্রকাশ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।“