শিরোনাম
◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান রবিউল আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার নামে এক জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে কোস্ট গার্ডের সদস্যরা গুলিবিদ্ধ রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, ভর্তি হওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তার বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে, নিহত জেলে সাকাত সরদার (৩৫) কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইজহার সরদারের ছেলে। তিনি বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের তেতুলতলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিউল ইসলামই সুন্দরবনের আলোচিত ‘দুলাভাই বাহিনী’র প্রধান। একসময় সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ‘ইলিয়াস বাহিনী’র প্রধান ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি সশস্ত্র দল গড়ে তোলেন। স্থানীয়দের মুখে মুখে সেই দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি লাভ করে। এরপর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলে, মৌয়াল, বাওয়ালি ও বনজীবীদের কাছ থেকে চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যু নিহতের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে পুরো অভিযানটি কোস্ট গার্ড পরিচালনা করেছে। বিস্তারিত তথ্য কোস্ট গার্ডই জানাতে পারবে।"

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। অভিযানে বাহিনী প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। তবে অভিযান এখনো চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

কোস্ট গার্ড কর্মকর্তারা আরও জানান, অভিযান শেষে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটির বিস্তারিত, উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ, আটক ব্যক্তিদের পরিচয় এবং হতাহতের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

সুন্দরবনের বিস্তীর্ণ বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বনদস্যু চক্রের তৎপরতা দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে অনেক সশস্ত্র বাহিনী আত্মসমর্পণ করে। তবে বিচ্ছিন্নভাবে নতুন কিছু দস্যুচক্র সক্রিয় হওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ এই বন্দুকযুদ্ধের ঘটনায় সুন্দরবনসংলগ্ন জেলে ও বনজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়