শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে আটক ২ আরও চার সহযোগী পালিয়ে গেছে

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) ও একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে দুইজন ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, আমি চুয়াডাঙ্গায় একটি মিটিংয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে থানা-পুলিশের একটি টিম পাঠানো হয়। আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়