আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে WINCEREX সিরাপ নামে নেশা জাতীয় ১৩৯ বোতল ভারতীয় একটি চালান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন চেরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার(২৭) অক্টোবর রাত ১১ টার দিকে ২১ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা এই মাদকের চালান উদ্ধার করে।
বিজিবি সুত্র জানায়, তাদের কাছে মাদক চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে চোরাকারবারীরা মাদকের চালান নিয়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে ধাওয়া করা হয়। এসময় তারা একটি ব্যাটারী চালিত ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যান তল্লাশী করে ১৩৯ পিচ WINCEREX সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে। তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।