ইফতেখার আলম বিশাল: সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন হলো রাজশাহী মহানগরীতে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রেলওয়ে জেনারেল হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের শুভ সূচনা ঘোষণা করা হয়েছে। রেলওয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে রেলওয়ের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন। এই পদক্ষেপের অংশ হিসেবে হাসপাতালটির পূর্বের নাম পরিবর্তন করে রাখা হয়েছে "রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী"।
দীর্ঘদিন ধরে শুধু রেলওয়ের কর্মীদের জন্য সীমাবদ্ধ থাকা রাজশাহী রেলওয়ে হাসপাতালটি শনিবার আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। রেলওয়ে মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের এক যুগান্তকারী যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবু জাফর।
এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, এবং রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রমুখ। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই যৌথ উদ্যোগের ফলে রাজশাহী অঞ্চলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে 'রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী'-তে সর্বসাধারণের চিকিৎসাসেবা প্রদানের প্রক্রিয়া শুরু হলো।