শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে রক্ষা পেতে দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এ বিষয়ে একটি বার্তা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী, আসসালামুআলাইকুম। আপনার-আমার-আপনাদের-আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব।”

তিনি লেখেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে আগে থেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

পোস্টে তিনি উল্লেখ করেন, সাধারণত বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ ধরা হলেও বর্তমানে এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। জনস্বাস্থ্যবিদদের মতে, বছরের যেকোনো সময়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে।

তারেক রহমান লিখেছেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম হয় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা বা নর্দমার মতো স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাসাবাড়ির ছাদে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাসাবাড়ির ভেতর-বাইরের পরিবেশ পরিষ্কার রাখা প্রয়োজন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর পদ্ধতি। এ লক্ষ্যেই আসন্ন বর্ষা মৌসুমের আগে সরকার আগামী ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

এ সময় তিনি জাতীয় সংসদের সদস্যসহ সকল জনপ্রতিনিধির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা উচিত। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হলো—“প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর”, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও ময়লা পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এতে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে এবং অন্যদেরও রক্ষা করা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে তিনি “আল্লাহ হাফেজ” ও “বাংলাদেশ জিন্দাবাদ” লিখে তার বার্তা শেষ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়