ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে মঙ্গলবার এসেছে হুমকি ই-মেইল। কোথাও এসেছে হুমকি ফোন। দুপুরের মধ্যে বিস্ফোরক দিয়ে আদালত উড়িয়ে দেয়া হবে বলে দাবি করা হয়েছে। জানা গেছে, বিভিন্ন আদালতে এজলাস বসার পরই কলকাতার দায়রা জজ আদালতসহ রাজ্যের বিভিন্ন জেলা আদালতে উড়ো উড়ো এসব ইমেইল এসেছে বলে দাবি করা হয়েছে।? এর ফলে সর্বত্র আতঙ্ক তৈরি হয়েছে। তৈরি হয়েছে শোরগোল।
বিচারকরা এজলাস ছেড়ে চলে যান। পুলিশ ও অগ্নিনির্বাপণ দপ্তরকে জানানো হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও বোম স্কোয়াড বিভিন্ন আদালতে তল্লাশি শুরু করেছে। নামানো হয়েছে তল্লাশি কুকুরকেও। সঙ্গে সঙ্গে আদালত ভবন ও চত্বর থেকে আইনজীবী, কর্মী ও মামলার কাজে আসা সকলকে সরিয়ে নেয়া হয়।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা এসআইআর কাজে যুক্ত হয়েছেন। এরসঙ্গে হুমকি ইমেইল ও ফোনের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে বলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল।
জানা গেছে, বেলা ১১টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারকের কাছে একটি মেইল আসে। তাতে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। ১টা নাগাদ উড়িয়ে দেয়া হবে। কলকাতার নগর ও দায়রা আদালতেও একই ইমেইল আসে বলে আদালত সূত্রে জানা গেছে। একে একে বিভিন্ন জেলা আদালত থেকে অনুরূপ হুমকি ইমেইলের খবর পাওয়া যায়।সংবাদ আর্কাইভ
পুলিশ জানিয়েছে, হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে বলেই ধারণা। তবে নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নেয়া হয়নি। সর্বত্র তল্লাশি চলছে। বিকাল পর্যন্ত কোথাও কোনো সন্দেহজনক কিছু তল্লাশিতে পাওয়া যায়নি। তবে কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।