ডেস্ক রিপোর্ট : গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। এমন অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে তাকে বিদেশ না নিয়ে দেশেই সুস্থ করে তুলতে।
যদিও এ বিষয়ে বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে মেডিকেল বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওদিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করছেন। ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, দুই পুত্রবধূ ডা. জুবাইদা সার্বক্ষণিক পাশে আছেন। তাদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন তিনি। ---- মানবজমিন
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই চিকিৎসা দিতে চেষ্টা করা হচ্ছে। তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন বলেও মেডিকেল বোর্ড আশাবাদী হচ্ছে। এক্ষেত্রে লন্ডন নেয়ার প্রয়োজন নাও হতে পারে।
এ ছাড়া তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। রোববার সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে। সেগুলোর রেজাল্টও ভালো আসছে। পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শয্যাপাশে থেকে চিকিৎসার বিষয়গুলোর সমন্বয় করছেন।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নেয়ার ব্যাপারে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে দল ও মেডিকেল বোর্ড। লন্ডন নিতে কাতারের আমীরের দেয়া এয়ার এম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে।
সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য এয়ার এম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে। এম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। আগামীকাল ঢাকায় আসবে এম্বুলেন্সটি।
গত ২৩শে নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭শে নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। এই মেডিকেল বোর্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য।
গত ৫ই ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।