বিশেষ কৃতিত্বের জন্য পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেয়া হয়।
সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে-- টিআইবির এমন প্রতিবেদন পত্রিকানির্ভর। বাস্তাবে গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সংক্ষিপ্ত সময়ে এবং দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে আদালতকে দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্ব: ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিক খালি করার মাধ্যমে অন্তত ৫০ জন যাত্রীর জীবনরক্ষায় অনন্য ভূমিকা রাখেন নৌ পুলিশ সদস্যরা। এর জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিন নৌ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যা: নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণসহ কোনো প্রকার ক্লু ছাড়া আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে মাত্র একদিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন এবং চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করেন পিবিআই সদস্যরা। এ ঘটনায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।