মনিরুল ইসলাম : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, সরকার এ বছরই স্থানীয় সরকার নির্বাচন করার চিন্তা করছে। দেরি করা হবে না। এ নিয়ে কোন দুশ্চিন্তারও কারণ নেই। এ বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এই তথ্য জানান।
এদিকে, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেয়ার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি।
দলীয় কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারের সামগ্রিক মূল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা।
জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল।