শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণার্থী শিবিরে ভয়াবহ নিপীড়ন

খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা অসহায় শরণার্থীদের ওপর ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা চ্যারিটি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর কর্মীদের বিরুদ্ধে। আফ্রিকার দেশ চাদের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া কমপক্ষে ৫৯ জন সুদানি নাগরিক এই চরম শোষণের শিকার হয়েছেন বলে সংস্থাটি নিজেই স্বীকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

অনুসন্ধানে জানা গেছে, চরম খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের মুখে থাকা এই শরণার্থীদের খাদ্য এবং চাকরির প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হতো। তাদের মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীও রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই পৈশাচিক ঘটনাগুলো ঘটেছে পূর্ব চাদের বিভিন্ন শরণার্থী শিবিরে। এর সূত্রপাত ২০২৪ সালে, যখন সুদানের গৃহযুদ্ধ এক বছরে পা দিয়েছিল।

বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমএসএফ জানিয়েছে, এই জঘন্য অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তারা ইতিমধ্যে ১৮ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে। অভিযুক্ত বাকি অপরাধীদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। গত জুলাই মাসে সংস্থাটির একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই শোষণের ধরনগুলো এতটাই সুপরিকল্পিত ছিল যা স্পষ্টতই যৌন পাচার বা সেক্স ট্রাফিকিং-এর শামিল। ভুক্তভোগী শরণার্থীদের অনেকেই এই নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।

কারণ তাদের আশঙ্কা ছিল যে প্রতিবাদ করলে হয়তো তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন জরুরি খাদ্য ও মানবিক সহায়তা বন্ধ করে দেয়া হবে। আবার যারা সমস্ত ভয় উপেক্ষা করে অভিযোগ জমা দিয়েছিলেন, তাদের কপালে কোনো বিচার বা সান্ত্বনা জোটেনি। এমএসএফ স্বীকার করেছে যে, তাদের অফিশিয়াল অভিযোগ গ্রহণের প্রক্রিয়াটি সম্পূর্ণ অকার্যকর ছিল এবং ভুক্তভোগীদের কোনো ধরণের মানসিক বা সামাজিক সহায়তা দেয়া হয়নি।

এপির অনুসন্ধানের মুখে এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে এমএসএফ জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত আচরণ তাদের সংস্থার মূল চেতনা, মূল্যবোধ ও দায়িত্বের একটি গুরুতর লঙ্ঘন এবং এর ফলে যে ক্ষতি হয়েছে, তার জন্য তারা গভীরভাবে অনুতপ্ত। আজ থেকে প্রায় তিন বছর আগে সুদানের সরকারি সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হলে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।

বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে রূপ নিয়েছে, যেখানে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। যুদ্ধে নিহতের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এই সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখের কাছাকাছি। এই সংঘাতের অন্যতম ভয়াবহ দিক হলো, নারকীয় গণ-যৌন সহিংসতাকে এখানে যুদ্ধের একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা থেকে এমনকি এক বছরের শিশুও রেহাই পায়নি।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে মানবিক সংকটগুলো নিরসনে কাজ করা সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে এমন যৌন শোষণের অভিযোগ এবারই প্রথম নয়। বিগত বছরগুলোতে বারবার এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে চাদের এই ঘটনা প্রমাণ করে যে শরণার্থী শিবিরের অসহায় মানুষগুলো এখনো কতটা অরক্ষিত জীবন যাপনে বাধ্য হচ্ছেন। অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়