অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীকে কাবু করা আহমেদ আল আহমেদ নামের সেই ব্যক্তিকে ইহুদি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ‘ইহুদি বীরত্ব’ দেখানোর জন্য তার প্রশংসাও করেছিলেন। পরে অবশ্য আহমেদ এখন মুসলিম জানতে পেরে ‘ভুল’ শুধরে নিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বন্ডি বিচে অসামান্য বীরত্ব দেখানো ৪৩ বছর বয়সী আহমেদ সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী। তবে রোববার (১৪ ডিসেম্বর) ইসরায়েলের উগ্রপন্থী জাতীয়তাবাদী চ্যানেল ১৪-এ প্রচারিত হিব্রু ভাষায় ভাষণ দেয়ার সময় আহমেদের পরিচয় সম্পর্কে ঠিকঠাক না জেনেই মন্তব্য করে বসেন নেতানিয়াহু।
ইসরায়েলের বিভিন্ন ইংরেজি ভাষার সাইটে করা অনুবাদ অনুযায়ী নেতানিয়াহু বলেছিলেন, ‘আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে ঝাপটে ধরেছিলেন, তার অস্ত্র কেড়ে নিয়েছিলেন এবং না জানি তিনি কতগুলো জীবন বাঁচিয়েছিলেন।’
তবে পরে নেতানিয়াহু সেই ভুল শুধরে নেন। ইংরেজিতে অস্ট্রেলিয়ান সরকারের ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করার সময় ইসরায়েল্র প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি। পরে জানা গেল তিনি একজন মুসলিম সাহসী মানুষ। আমি তাকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ ইহুদিদের হত্যা করা থেকে বিরত রেখেছিলেন।’
এদিকে বন্ডি বিচে বন্দুকধারীদের রুখতে সাহসী ভূমিকার জন্য প্রশংসায় ভাসছেন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর আহমেদ একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। এরপর তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান। তার গলা চেপে ধরে বন্দুকটি ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে তার দিকেই বন্দুক তাক করে রাখেন আহমেদ। কয়েক সেকেন্ড পর বন্দুকটি নিচে রেখে দেন তিনি।
আহমেদকে ‘মানবতার সর্বোত্তম উদাহরণ’ হিসেবে বর্ণনা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস বলেছেন, ‘২৪ ঘণ্টা আগের সন্ত্রাসী হামলায় আমরা মানবতার সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখেছি। কিন্তু একইসঙ্গে আমরা আহমেদ আল আহমেদের মধ্যে মানবতার সর্বোত্তম উদাহরণও দেখেছি।’
তিনি আরও বলেন, ‘বিপদের দিকে দৌড়ে গিয়ে, নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি। দ্বিতীয় হামলাকারীর গুলিতে দু’বার বিদ্ধ হয়েও তিনি সাহসিকতার সঙ্গে ওই সন্ত্রাসীর কাছ থেকে বন্দুকটি কেড়ে নেন।’
সূত্র: চ্যানেল ২৪