শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চারটি বিশেষ সুবিধা চালু

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চারটি গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। সুবিধাগুলো ভিসাধারীদের শুধু বসবাসের সুযোগই নয় বরং ভ্রমণ ও জরুরি সহায়তার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে।

রোববার (২ নভেম্বর) গালফ নিউজের খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন সুবিধাগুলো চালুর ঘোষণা দিয়েছে। গোল্ডেন ভিসাধারী ও তাদের পরিবার বিদেশে থাকাকালীন সময়েও দ্রুত ও নিরাপদ সহায়তা যাতে পান সে বিষয়টি মাথায় রেখে এ পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত।

১. বিদেশে পাসপোর্ট হারালে ৩০ মিনিটে ফেরার অনুমতি

বিদেশে অবস্থানরত কোনো গোল্ডেন ভিসাধারী যদি তার পাসপোর্ট হারান, তবে তিনি এখন মাত্র ৩০ মিনিটের মধ্যেই বিনামূল্যে ইলেকট্রনিক রিটার্ন পারমিট পেতে পারেন। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন সেবার মাধ্যমে গোল্ডেন ভিসাধারীরা দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে পারবেন। এই অনুমতিপত্রটি একবারই ব্যবহারযোগ্য এবং শুধুমাত্র ইউএইতে প্রবেশের জন্য বৈধ অন্য কোনো দেশে ভ্রমণের জন্য নয়।

রিটার্ন পারমিটের আবেদন করা যাবে MoFA’র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ইউএই পাস (UAE Pass) ডিজিটাল আইডি ব্যবহার করে। আবেদনকারীদের জমা দিতে হবে—হারানো পাসপোর্টের রিপোর্টের কপি, গোল্ডেন ভিসার তথ্য এবং সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি।

প্রাপ্তির পর এই অনুমতিপত্র জারির তারিখ থেকে সাত দিন পর্যন্ত বৈধ থাকবে। প্রয়োজনে আবেদনকারীরা মন্ত্রণালয়ের কল সেন্টারে সরাসরি যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

২. গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ হটলাইন

গোল্ডেন ভিসাধারীদের জন্য চালু করা হয়েছে বিশেষ হটলাইন (+৯৭১২৪৯৩১১৩৩), যা ২৪ ঘণ্টা সেবা দেয়। এই নম্বরে কল করে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

বিদেশে অবস্থানকালে যে কোনো জরুরি অবস্থা, তথ্য জানার প্রয়োজন বা ভ্রমণসংক্রান্ত জটিলতায় এই হটলাইন থেকে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে।

৩. বিদেশে থাকাকালীন জরুরি সহায়তা

গোল্ডেন ভিসাধারীদের জন্য এখন বিদেশে অবস্থানকালেও জরুরি ও সংকটকালীন সহায়তা নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংকট বা যে কোনো জরুরি পরিস্থিতিতে ইউএই দূতাবাস ও কনস্যুলেটগুলো সংশ্লিষ্ট নাগরিকদের উদ্ধার, অস্থায়ী আশ্রয় বা প্রাথমিক সেবা প্রদান করবে।

এর ফলে গোল্ডেন ভিসাধারীরা এখন ইউএই সরকারের আনুষ্ঠানিক উদ্ধার ও সংকট ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হবেন, যা তাদের আন্তর্জাতিক ভ্রমণে বাড়তি নিরাপত্তা ও মানসিক প্রশান্তি দেবে।

৪. প্রবাসে মৃত্যুর ঘটনায় মরদেহ ফেরত ও দাফন সহযোগিতা

বিদেশে অবস্থানকালে কোনো গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এখন মরদেহ ফেরত ও দাফনের পূর্ণ সহায়তা দেবে। এই সেবার আওতায় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত কনস্যুলার প্রক্রিয়া সম্পন্ন করবে এবং মৃতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেবে। এর মাধ্যমে মর্যাদা, সম্মান ও সময়মতো সহায়তা নিশ্চিত করা হবে এমন সংবেদনশীল মুহূর্তে।

নিরবচ্ছিন্ন জরুরি সহায়তা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গোল্ডেন ভিসাধারীদের জন্য চালু করা জরুরি ও সংকটকালীন সহায়তা সেবা সর্বদা সক্রিয় থাকবে। ইউএইর বিদেশি মিশনগুলো যে কোনো দেশে অবস্থানরত নাগরিকদের জন্য তাৎক্ষণিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে। 

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়