ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মৌলভী বুধপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫।
রোববার দিবাগত (৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি আভিযানিক দল মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।
র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিপিএসসি, র্যাব-৫-এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গুলিগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।