মিজান লিটন : বিএনপি ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ার।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি'র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি'র মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।
এনসিপি মতলব উত্তর উপজেলা আহবায়ক আরিফা তুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রিয় যুব নারী শক্তির যুগ্মআহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান সহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নাসির উদ্দিন পাটোয়ারীর এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।