ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা বীরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের একটি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত বীরু মোল্লার ছেলে রাজিব জানিয়েছেন, মঙ্গলবার রাতে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেন।
এ বিষয়টি জানতে বুধবার সকালে জহুরুল মোল্লার কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় বীরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা আপন চাচাতো ভাই। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, বীরু মোল্লা দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানিয়েছেন, ‘বীরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’