ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (২৮) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকালে বাবার সাথে মাঠে পেঁয়াজ লাগাতে যায় সোহাগ। মাঠ থেকে দুপুরের খাবার খেতে তার বাবা মনিরুল ইসলাম বাড়ি যায়। এসময় মনিরুল মাঠেই ছিল। বিকালের শেষ মুহূর্ত সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে আসে। পেঁয়াজ ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা বলছেন, জমিজমা নিয়ে তাদের প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জের ধরে মাঠে একা পেয়ে সোহাগকে হত্যা করা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’