শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শনা কেরু চিনিকলে অনিয়ম: সাবেক এমডিসহ ১০ কর্মকর্তাকে গুরু ও লঘুদণ্ড

জামাল হোসেন খোকন, (জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকলে ১০৪ জন মৌসুমি শ্রমিক ও কর্মচারীকে স্থায়ীকরণে কর্তব্যে অবহেলা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে মিলটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ১০ জন কর্মকর্তাকে গুরুদণ্ড ও লঘুদণ্ড প্রদান করেছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন কর্তৃপক্ষ।

রোববার (১৪ ডিসেম্বর) দর্শনা কেরু চিনিকলে এ সংক্রান্ত একটি আদেশের কপি পৌঁছালে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

চিনিকল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেরু চিনিকলে মৌসুমি শ্রমিক ও কর্মচারীদের স্থায়ীকরণ কার্যক্রম বন্ধ ছিল। ২০২৩ সালের মে মাসের প্রথম দিকে দেশের সব চিনিকলের মৌসুমি শ্রমিক ও কর্মচারীদের স্থায়ীকরণের একটি প্রস্তাব বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সদর দপ্তরে পাঠানো হয়, যা অনুমোদন পায়। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৩ ও ১৪ মে সারা দেশের চিনিকলগুলোতে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেরু চিনিকলে পরীক্ষায় অংশ নেন ১৪০ জন মৌসুমি শ্রমিক ও কর্মচারী।

তবে স্থায়ীকরণ প্রক্রিয়ায় মেধাভিত্তিক নির্বাচন উপেক্ষা, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে বঞ্চিত দুই কর্মচারী করপোরেশনে লিখিত অভিযোগ ও মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৫ মে তৎকালীন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব চৌধুরী শহিদুল্লাহ কায়ছার কেরু চিনিকলের এমডি বরাবর এক জরুরি পত্রে স্থায়ীকরণের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। দেশের অন্যান্য চিনিকল এ নির্দেশনা মানলেও কেরু চিনিকল কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১৪০ জনের মধ্যে ১০৪ জনকে উত্তীর্ণ দেখিয়ে স্থায়ীকরণ সম্পন্ন করে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ২০২৩ সালের ১৭ মে তৎকালীন করপোরেশন চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম (এনডিসি) কেরু চিনিকলের এমডি মো. মোশাররফ হোসেনের কাছে কৈফিয়ত তলব করেন। এরপর চিনি করপোরেশন ও শিল্প মন্ত্রণালয়ের পৃথক দুটি তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে।

তদন্ত শেষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, তৎকালীন এমডি মো. মোশাররফ হোসেন, সদর দপ্তরের কর্মকর্তা সাইফুল আলম, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুফ আলী এবং লেবার অফিসার মো. আল আমিনের বিরুদ্ধে করপোরেশন প্রবিধিমালা অনুযায়ী গুরুদণ্ড ও বেতনবৃদ্ধি স্থগিত রাখার শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তি ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার এবং পরিবহন প্রকৌশলী আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালের প্রবিধিমালার ৩৮ ধারা অনুযায়ী দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বেতন বৃদ্ধি কার্যকর হবে না।

এ বিষয়ে দর্শনা কেরু চিনিকলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, এ সংক্রান্ত একটি চিঠি সদর দপ্তর থেকে পাওয়া গেছে। তবে ১০৪ জন কর্মচারীর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়