শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলের জালে ধরা পড়লো ১৫ মন ওজনের হাঙ্গর প্রজাতির শাপলা পাতা মাছ

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে ধরা পড়েছে দানব আকৃতির একটি শাপলা পাতা মাছ। যার ওজন প্রায় ১৫ মণ। বিরল এই জলজ প্রাণীটি তীরে তুলতে একাধিক মানুষের সহায়তা নিতে হয়েছে।

হাঙর প্রজাতির স্টিংরে পরিবারের এই মাছটি বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী সম্পূর্ণ সংরক্ষিত। ধরা, কেনা–বেচা বা পরিবহণ—সবই নিষিদ্ধ। তবুও মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সাবরাংয়ের মুন্ডার ডেইল সমুদ্র উপকূলে জেলে আবদুল গফুরের জালে ধরা পড়ে মাছটি।

জেলে আবদুল গফুর বলেন, মাছটা এমন ভারি যে ট্রলারে তোলা যাচ্ছিল না। শেষে রশি দিয়ে বেঁধে জোয়ারের পানির সহায়তায় তীরে টেনে আনতে হয়েছে। জীবনে এত বড় শাপলা পাতা মাছ আর দেখিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই মাছ গভীর সমুদ্রের। সাধারণত অগভীর জলে আসে না। তাই ধারণা করা হচ্ছে, জোয়ার-ভাটার স্রোতে ভেসে এসে জালে আটকা পড়েছে।

তিনি বলেন, শাপলা পাতা বা পাতা হাঙর একটি সংরক্ষিত প্রজাতি। এটির শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়রা জানান, মাছটি ঘাটে তোলা মাত্রই সাবরাং মুন্ডার ডেইল এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।

মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকেরাও ছুটে আসেন অদ্ভুতদর্শন মাছটি দেখতে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। তার ভাষায়, মাছটা কাটাকুটি করে চট্টগ্রামে পাঠানো হবে।

এদিকে বাংলাদেশ বন্য প্রাণী আইনের ধারা ৩৮ অনুযায়ী, সংরক্ষিত বন্য প্রাণী হত্যা, সংগ্রহ, পরিবহণ বা বিক্রি করলে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও আবদুল্লাহ আল মামুন বলেন, শাপলা পাতা মাছ ধরা নিষিদ্ধ, বিক্রিও নিষিদ্ধ। ঘটনাটি সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে জানি না— তবে দ্রুত খোঁজ নেওয়া হচ্ছে। কে মাছটি কিনেছে, কোথায় নেওয়া হয়েছে— সব খতিয়ে দেখা হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়