নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক পরিচয়ে চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোবাইকসহ আরো চারটি অটোবাইক উদ্ধার করা হয়েছে। জেলার মহিপুরে থানায় মামলা দায়েরর পর পুলিশ পটুয়াখালী, বরিশাল ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর মহিপুরের মোঃ নাসির হাওলাদার(৩৯), মোঃ শাহীন হাওলাদার (২২), জেলার দুমকির মোঃ রাহাত হাওলাদার(২৭) ,পটুয়াখালীর সদরের আবুল বাশার(৩৫) ও মোঃ জসিম হাওলাদার(৩৮), বরিশালেল বাকেরগঞ্জের
মোঃ লিটন আকন(৫৭) এবং রবগুনার আমতলীর মোঃ জাকির হোসেন গাজী (৪৫)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে নিশ্চিত করেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, অটো চালক মোঃ মুছা একটি বোরাক অটোগাড়ী চালিয়ে সংসার চালাতেন। গত ৩০ নভেম্বর বিকেল ৫ টার দিকে পর্য়টন কেন্দ্র কুয়াকাটা চৌরাস্তায় অটো নিয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা এক ব্যাক্তি পর্যটক পরিচয় দিয়ে তার অটোতে করে সূর্য্যদয় স্পটে যাবে বলে তার মোবাইল নম্বর নেয়। পরে রাত অনুমান ৯ টার দিকে ওই ব্যাক্তি ফোন দিয়ে দিবাগত রাত ৩ টার দিকে তাদের নিয়ে সূর্য্যদয় স্পটে যাবার জন্য প্রস্তুত থাকতে বলে। পরবর্তীতে ৩ টার আবার অটো চালক মুছাকে কুয়াকাটা এলাকার মম্বিপাড়া গ্রামের নতুন বাজার বেড়িবাঁধের পাঁকা রাস্তায় যেতে বলে। রাত সাড়ে ৩ টার দিকে চালক মুছা তার অটোটি নিয়ে ঘটনাস্থলে পৌছালে ট্যুরিস্ট পরিচয়দানকারী অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র চালক মুছাকে এলোপাথারী মারধর করে।
এসময় ছিনতাইকারীদের মধ্যে একজন মুছার পিঠে চাকু দ্বারা আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মুছা রাস্তার উপর পরে গেলে ছিনতাইকারীরা মুছার ব্যাটারী চালিত বোরাক অটোগাড়ী নিয়ে পালিয়ে যায়।
এদিকে পুলিশ অটো ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পৌছে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা করেন। এ সময় পুলিশ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ, এলাকার পারিপার্শ্বিক অবস্থা, প্রযুক্তিগত উপায়ে বিশ্লেষণ করে ছিনতাইকারীদের সনাক্ত করেন। এদের মধ্যে মোঃ নাসির হাওলাদার, মোঃ শাহিন হাওলাদার, মোঃ জাকির হোসেন গাজী ও মোঃ লিটন আকন এই চারজন ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত পাওয়া যায় এবং ছিনতাই করে নেওয়া অটোগাড়ী মোঃ রাহাত হাওলাদারের নিকট বিক্রয় করে। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীদের কাছ থেকে আরো তিনটি ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সহিত জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।