মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর বৃহত্তর উত্তরায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জনজীবনে দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যায়।
স্থানীয়দের মতে, এসব কুকুর সাধারণত ডাস্টবিনের খাবার ও পথচারীদের দেওয়া খাদ্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে। খাবারের সন্ধানে অনেক সময় তারা পথচারীদের অনুসরণ করে, যা বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও শিশুদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি কুকুরের কামড়ে আহত হয়ে কয়েকজনকে চিকিৎসা নিতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন।
এ বিষয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়টি সিটি করপোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে। তারা একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।
জানা যায়, সিটি করপোরেশন এলাকায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, বন্ধ্যাকরণ ও টিকাদান কার্যক্রম পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট সিটি করপোরেশনের ভেটেরিনারি ও স্বাস্থ্য বিভাগের ওপর ন্যস্ত। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেটেরিনারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলছেন, জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে বেওয়ারিশ কুকুর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও মানবিক সমাধান প্রয়োজন।