মনজুর এ আজিজ : সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যেই গত ১১ দিনের মধ্যে এটি দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ। মঙ্গলবার বিকেলে ট্যাংকারটি বন্দরে পৌঁছায়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জাহাজটি থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে ‘এসপিটি থেমিস’ নামের জাহাজটি আগামী ১২ মার্চ পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ১৩ মার্চ ‘র্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার বন্দরে আসবে।
প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে। সব মিলিয়ে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ট্যাংকারের মাধ্যমে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল যোগ হবে।
বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সোমবার প্রথম জাহাজ আসার সঙ্গে সঙ্গে দ্রুত জ্বালানি খালাসের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার আসা দ্বিতীয় জাহাজটির খালাস কার্যক্রমও চলছে। নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী জাহাজগুলো পৌঁছালে দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।