শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেসকো রাজশাহীতেই থাকবে, হুঁশিয়ারি ভূমিমন্ত্রী মিনুর

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের আলোচনা ও বিতর্কের মধ্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেছেন, "নেসকো কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।"

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, "যারা চাকরি করে, তাদের মধ্যে কিছু হাসিনা ফ্যাসিবাদের দালাল এখনো ষড়যন্ত্র করছে। কে কী বলল, কোন ঠিকাদার কী বলল—এসব নিয়ে আমি মাথা ঘামাই না। এটা রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।"

নিজের রাজনৈতিক জীবনের একটি ঘটনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "১৯৯২ সালে আমি যখন রাজশাহীর মেয়র ছিলাম, তখন কর্নেল (অব.) ওলি আহমদ যোগাযোগমন্ত্রী ছিলেন। সে সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর চট্টগ্রামে নেওয়ার উদ্যোগ হয়েছিল। আমি তখন অনশন করেছি, মিছিল করেছি, সভা করেছি। বলেছিলাম, প্রয়োজনে রেলওয়ের গেটের সামনে মরেও পড়ে থাকব, তবু পশ্চিমাঞ্চল রেল সরাতে দেব না। আজও সেটি যায়নি। নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না।"

Advertisement

তিনি আরও বলেন, "আমার কাছে মন্ত্রী, এমপি কিংবা মেয়রের পদ বড় নয়। রাজশাহীই আমার কাছে সবচেয়ে বড়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। তাই কোনো ভয় পাওয়ার প্রশ্নই আসে না।"

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রতি তিনি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছেন। যাঁরা বুকের রক্ত দিয়ে দেশকে নতুন পথে ফিরিয়ে আনার সংগ্রাম করেছেন, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা ও অভিনন্দন জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "এ দেশ আমাদের সবার। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন আর প্রতিহিংসা, অগ্নিসংযোগ বা ভাঙচুর নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে কোনো অপশক্তি সুযোগ নিতে পারে।"

এদিকে, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রাজশাহীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেসকো ইস্যুতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা। তিনি অভিযোগ করেন, রাজশাহীর ছয়জন সংসদ সদস্যের মধ্যে একজন মন্ত্রী থাকলেও কেউ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন না। তাঁর ভাষ্য, পদ হারানোর আশঙ্কায় অনেকেই নীরব থাকতে পারেন।

নজরুল হুদা বলেন, "আমাদের কাছে পদ বড় নয়, রাজশাহী ও রাজশাহীর মানুষের স্বার্থই সবচেয়ে বড়। বিভাগের স্বার্থ রক্ষায় এমপি, মন্ত্রী, প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"

তিনি আরও বলেন, "জনপ্রতিনিধিরা যদি এ বিষয়ে নীরব থাকেন, তাহলে জনগণই যথাসময়ে তাদের জবাব দেবে।"

নজরুল হুদার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেসকো ইস্যুতে নতুন করে জনমত ও রাজনৈতিক আলোচনা তৈরি করে। এর দুই দিন পরই ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রকাশ্যে ঘোষণা দেন, "নেসকো কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না।"