শিরোনাম
◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ‘রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাইওয়ে পুলিশ ফাঁড়ি–সংলগ্ন প্রকল্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উখিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী জি এম মুকতাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উখিয়ায় প্রায় ২ লাখ ৬৩ হাজার স্থানীয় বাসিন্দার পাশাপাশি ২৬টি আশ্রয়শিবিরে প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ফিকাল স্লাজ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হলেও স্থানীয় জনগণের জন্য এখনো কোনো সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ, মাটি ও পানিদূষণ, দুর্গন্ধ, রোগজীবাণুর বিস্তার এবং কৃষিজমির ক্ষয়ক্ষতির মতো সমস্যা দেখা দিয়েছে। এ কারণে স্থানীয়রা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পের আওতায় কোর্টবাজার, উখিয়া বাজার, কুতুপালং বাজার, হোটেল-মোটেল এলাকা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে জৈব ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে কম্পোস্ট ও কো-কম্পোস্ট সার উৎপাদন করা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার এবং প্লাজমা গ্যাসিফিকেশন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উখিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী জি এম মুকতাদির বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্ল্যান্টটি নির্মিত হবে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উখিয়ার পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা–সংক্রান্ত ভোগান্তি কমবে এবং একটি পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়