শিরোনাম
◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাস্টিকমুক্ত শহর গড়ার আহ্বানে ফরিদপুরে মানববন্ধন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে জোর দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা। একই সঙ্গে প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই শহর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর এবং পরিবেশ উন্নয়ন ফোরাম-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি।”

সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুরের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

এ সময় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত সিং এবং পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, রেহেনা প্রিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।

বক্তারা বলেন, প্লাস্টিক বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। অপরিকল্পিতভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, নদ-নদী ও খাল-বিল দূষিত হচ্ছে এবং কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা (মাইক্রোপ্লাস্টিক) খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।

তারা বলেন, বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। পরিবেশবান্ধব ও জৈবভাবে পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব হবে, অন্যদিকে দেশের কৃষক ও পাটশিল্পও নতুন গতি পাবে। এজন্য পাটজাত ব্যাগ, মোড়ক, গৃহস্থালি সামগ্রী ও অন্যান্য বিকল্প পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহারে সরকারি প্রণোদনা ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা ধাপে ধাপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার সীমিত করার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়