সাবিহা জামান: ইমপিচমেন্ট বা অভিশংসন হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার না করা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২ প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন অভিশংসিত হয়েছিলেন। তবে সিনেটে তাদের কাউকে সরিয়ে দেয়া হয়নি।বিবিসি বাংলা
যুক্তরাষ্ট্রের কংগ্রেস যেখানে আইন তৈরি করা হয় তারা দেশটির প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধানে রয়েছে রাষ্ট্রদ্রোহিতা, ঘুষ নেয়া অথবা অন্য কোন বড় ধরনের কিংবা লঘু অপরাধের জন্য প্রেসিডেন্টকেও তার পদ থেকে অপসারণ অর্থাৎ ইমপিচ করা যেতে পারে।
সিনেট ও প্রতিনিধি পরিষদ মিলে কংগ্রেস গঠিত। এটি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে অবস্থিত। অভিশংসনের প্রক্রিয়া শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেনটেটিভস থেকে। প্রক্রিয়া শুরু করার জন্যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হয়। পাস হলেই বিচার অনুষ্ঠিত হবে সিনেটে, যেটি কংগ্রেসের দ্বিতীয় অংশ।
এটি আদালত কক্ষের মতো, যেখানে সিনেটররা বিচারক হিসেবে কাজ করবেন। তারাই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট দোষী কি নির্দোষ।
প্রেসিডেন্টকে পদ থেকে সরিয়ে দিতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সিনেটরকে ইমপিচমেন্টের পক্ষে ভোট দিতে হবে। ইমপিচমেন্টে বা অভিশংসনের অর্থ এটা নয় যে এর প্রক্রিয়া শুরু হলেই প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও পর্যন্ত কোন প্রেসিডেন্টকে এ কারণে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়া হয়নি।