জাবের হোসেন : ভালো দামে মরিচ বিক্রি করছে পঞ্চগড় জেলার কৃষকরা। বাজার দর ভালো থাকায় চাষিরা খুশি। বর্ষা মৌসুমের আকাশি জাতের মরিচ বাজারে ব্যাপক হারে উঠতে শুরু করেছে। প্রতি মণ কাঁচা মরিচ ১১শ থেকে ১২শ টাকা দরে বিক্রি হচ্ছে। দেবীগঞ্জ উপজেলায় মরিচের চাষ ব্যাপক হারে হয়েছে। এখানকার মরিচ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্রি হয়। প্রতিদিন ৪ থেকে ৫শ মণ মরিচ দেবীগঞ্জের বাজারে বেঁচা কেনা হয়। খবর বাসস।
কৃষকরা বলেন, আমরা জমি থেকে তিন মাস মরিচ উত্তোলন করতে পারি। প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে ৭ থেকে ৮ মণ মরিচ উত্তোলন করি। এ বছর মরিচের দাম ভালো। শুরু থেকে শেষ পর্যন্ত ১ হাজার টাকা মণ প্রতি বিক্রি করতে পারলে প্রায় ৩ লক্ষ টাকা আয় করতে পারবো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, পঞ্চগড় জেলার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা এখান থেকে মরিচ নিয়ে যায়। এ বছর মরিচের বাজার মূল্য ভালো হওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছে। বাজার মূল্য অব্যাহত থাকলে কৃষক মরিচ চাষে আরও বেশি উৎসাহী হবে।
তিনি আরো বলেন, কৃষকদের মরিচ চাষে উৎসাহী করতে আমরা সব সময় তাদের পাশে আছি। তাদের বিভিন্ন পরামর্শ ও আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ করতে পশিক্ষণও আমরা দেবো।