শিরোনাম
◈ বাংলাদেশে প্রতি দুই তরুণে এক জন চাকরিহীন: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে কলাই রুটি তৈরি করলেন মার্কিন রাষ্ট্রদূত!

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার এ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন স্থানে ঘুরছেন। মিশছেন সাধারণ মানুষের সাথে। রাজশাহীতে অবস্থানকালে তিনি রাস্তার ধারের কলাই রুটির দোকানে বসে রুটি খেয়েছেন। নিজের হাতে একটি রুটি তৈরি করেও দেখেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রদূত রবার্ট মিলার রাজশাহীর জনপ্রিয় খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের খোঁজ করেন। এরই অংশ হিসেবে সন্ধ্যার পর বের হন নগরীতে। নয়া দিগন্ত।

অনেকটা নিজের মতোই হেঁটে চলে যান রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায়। সেখানে তিনি একটি কলাই রুটির দোকানে গিয়ে বসে পড়েন। সফরসঙ্গী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে নিয়ে তিনি সড়কের ধারে চেয়ারে বসে চুলা থেকে তোলা গরম গরম রুটি খান। তারা রুটি খান ঝাল লবণে তৈরি মসলা দিয়ে। এতে ছিল পোড়া বেগুনের ভর্তা, কাঁচা মরিচ ও পেঁয়াজ বাটা ঝাল। বাড়তি বলতে তার জন্য কেবল আলাদাভাবে দেয়া হয়েছিল মিনারেল ওয়াটার।

দোকান মালিক রিপন আলী জানান, রুটি খেয়ে রাষ্ট্রদূত চুলার কাছে গিয়ে রুটি তৈরি পর্যবেক্ষণ করেন। কারিগর একটি রুটি চুলায় সেঁকতে দিলে রাষ্ট্রদূত নিজেই সেই রুটিটি সেঁকে পাত্রে রাখেন। এরপর নিজেই কালাইয়ের রুটির কারিগরদের সাথে সেলফি তোলেন। এ সময় তার সাথে স্ত্রী মিশেলও উপস্থিত ছিলেন। তিনিও রুটি খান।

এর আগে গত বুধবার রাজশাহীতে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত। পরে রাতে রাজশাহী নগরীর একটি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির স্বাদ গ্রহণ করেন তিনি।

অন্য দিকে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার গতকাল সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়িতে যান। এ সময় তিনি রাজবাড়ির বিভিন্ন মন্দিরসহ দর্শনীয় স্থান ঘুরে দেখেন। স্ত্রী মিসেল এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন। এ ছাড়া তার সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন।

এর আগে পুঠিয়া রাজবাড়িতে পৌঁছলে রাষ্ট্রদূত আল রবার্ট মিলারকে স্বাগত জানান রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো: শহিদুল্লাহ। এ সময় পুলিশ সুপার রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে রাজবাড়ির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখান। প্রায় দুই ঘণ্টা ধরে রাজবাড়ির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।

তিন দিনের সফরে রাজশাহীতে আছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। পূর্বনির্ধারিত অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রদূত গত বুধবার রাজশাহীতে আসেন। তিনি রাজশাহীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমেরিকান কর্নার উদ্বোধন করেন। পরিদর্শন করেন দেশের প্রাচীন বরেন্দ্র গবেষণা জাদুঘর। এ ছাড়া নগর ভবনে গিয়ে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়