স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১০ ওভার বোলিংয়ের নিয়ম থাকলেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সোহেল খান করেছেন ১১ ওভার। ওমানের মাসকটে চার ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে এ ঘটনায় আম্পায়ারিং নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার জানান, স্কোরারের ভুলে সোহেলের অতিরিক্ত ওভারটি অন্য বোলার শাহ ফয়সাল রহিমির নামে নথিভুক্ত হয়। এ বিষয়ে ম্যাচ রেফারি ইয়াসির লতিফজাইকে দুই দফায় অভিযোগ জানায় বাংলাদেশ দল। ঘটনার ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া এলবিডব্লিউ ও কট বিহাইন্ডের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছে বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তা জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়েছে। চার ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ হয়েছে।