নিজস্ব প্রতিবেদক: দুই পেনাল্টি, ছয় গোল আর পাল্টাপাল্টি আক্রমণ—কিংস অ্যারেনায় রোমাঞ্চের কমতি ছিল না। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।
শনিবার ম্যাচের ১৩তম মিনিটে আশিষ সোনামের শটে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি। তবে ২৭ মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর গোলে সমতায় ফেরে কিংস। বিরতির আগে এমেকার ক্রসে জেসাস দি সিলভার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রাকিব হোসেন। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে দারুণ শটে গোল করেন তিনি। ৭৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে কিংসের জয় আরও নিশ্চিত করেন জেসাস। বক্সে তাঁকে ফাউল করেছিলেন দিবাকর চৌধুরী।
শেষ দিকে পেনাল্টি থেকেই একটি গোল শোধ করেন জাফর ইকবাল। কিংসের বদলি ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ তাঁকে ফাউল করলে স্পট কিক পায় চট্টগ্রাম সিটি। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে বসুন্ধরা কিংস। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পুলিশ এফসি, ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।