স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, রনি তালুকদার ও নাসির হোসেন। ভ্যাঙ্কুবার গার্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন তারা। একই সময়ে মাঠে গড়াবে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। এই লিগেও নাম লিখিয়েছেন সাকিব। ফলে গ্লোবাল টি-টোয়েন্টিতে থাকতে পারবেন না তিনি। সাকিব না থাকলেও, রনি ও নাসির খেলবেন কানাডার ফ্র্যাঞ্চাইজি এই লিগে। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে গ্লোবাল টি-টোয়েন্টি।
নাসির ইতোমধ্যে ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দ্যেশে রওনা দিয়েছেন। জানিয়ে রাখা, গ্লোবাল টি-টোয়েন্টি এবার কানাডাতে নয়, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইজে হবে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ম্যাচগুলো।
গত আসরে ভ্যাঙ্কুবার নাইটস নামে খেলেছিল দলটি। তবে এবার নাম পরিবর্তন করে ভ্যাঙ্কুবার গার্ডিয়ান্স নামে খেলবে তারা। দলটিতে সাকিব, নাসির ও রনি ছাড়াও বিভিন্ন দেশের তারকা ক্রিকেটার দিয়ে পরিপূর্ণ।
স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস ও শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা। আছেন সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলী। এছাড়া রয়েছেন কানাডার জায়ডেন, রায়ান, উদাই সিং, রানা সালমান, পাদাম যোশি, আব্দুল হাসিব, অজয়বীর সিং হুবদাই ও গুরসরব সিং।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৫টি দল। দলগুলো হলো-টরন্টো কিংস, ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স, মিসিসাগা স্কাইহকস, মন্ট্রিয়ল ওয়ারিয়র্স এবং ব্র্যাম্পটন ব্লেজার্স।