স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। সেই পারফরম্যান্সের পরই শাস্তির মুখে পড়লেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। প্রতিযোগিতার বাইরে থাকাকালীন প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারে নির্ধারিত নির্দেশিকা না মানায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সিএ। বোর্ড জানিয়েছে, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে। ওষুধ ব্যবহারের সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্যও ছিল না। তবে স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন-সংক্রান্ত নির্দেশিকা না মানায় এই শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না শুট। একই কারণে ৩১ অক্টোবর নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে উদ্বোধনী ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি। আন্তর্জাতিক ও ঘরোয়া—দুই ধরনের ক্রিকেটেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।
সিএর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন শুট। নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, বোর্ডের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেনে নিচ্ছেন। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সবার কাছে ক্ষমাও চেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।