স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সবুজ উইকেটে ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে। বলের সুইং সামলাতে শুভমন গিলদের ধৈর্য ধরে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তাঁর টোটকা, শট খেলতে হবে দেরিতে, ব্যাট চালাতে হবে হালকা হাতে। রক্ষণাত্মক ব্যাটিংয়েও দিতে হবে বাড়তি গুরুত্ব।
২০২০ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল ভারত। চার ইনিংসে তাদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৬৫, ১৯১, ২৪২ ও ১২৪ রান। সেই ব্যর্থতার স্মৃতি সামনে রেখে এবার টেস্ট সিরিজের আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক করেছেন গাভাস্কার।
নিউজিল্যান্ডের কন্ডিশনে বলের সুইং সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। গাভাস্কারের মতে, বাতাসে বলের সুইং কিছুটা অনুমান করা গেলেও পিচে পড়ার পর দিক বদলালে ব্যাটারদের বিপদ বাড়ে। তাই বলের কাছে গিয়ে তাড়াহুড়ো করে শট না খেলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গাভাস্কার বলেন, ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডেও যতটা সম্ভব দেরিতে শট খেলা উচিত। ব্যাট জোরে চালানোর বদলে হালকা হাতে খেলতে হবে। শুরুতে রক্ষণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দিয়ে উইকেটে টিকে থাকাই হবে আসল কাজ।
তবে এবার সফরের শুরুতেই নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে তারা। গাভাস্কারের আশা, আগেভাগে দেশটিতে পৌঁছানোয় সময়ের পার্থক্য ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে ভারতীয় দলের।
এই সময়ে নিউজিল্যান্ডের উইকেটে ঘাস বেশি থাকতে পারে। ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে বল সুইংও করবে বেশি। তবে শুরুতে ধৈর্য ধরে উইকেটে টিকে থাকতে পারলে পরে রান করা সহজ হবে বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় ব্যাটাররা সেই কৌশল কাজে লাগাতে পারবেন, এমন প্রত্যাশাই তাঁর।