স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটের বিকাশ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ তৈরি করতে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল) ২০২৬’। এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বহদ্দারহাট সংলগ্ন সিকো এরিনায় (SICHO Arena) স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো গালা নাইট ও প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রচারচিত্র প্রদর্শন ও চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, বিসিবি কাউন্সিলর ও সাবেক জাতীয় খেলোয়াড় শহিদুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম এবং সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ছয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী—মাহবুবুল আলম (ব্রাদার্স ইউনিয়ন), আরেফীন চৌধুরী (বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব), সরওয়ার আলম মনি (এনএসটি স্পোর্টস), মোহাম্মদ রনি (রাইয়ান স্পোর্টস), আবুল হাশেম রাজা (আম্বিয়া স্পোর্টস) ও লাবিব আহমেদ (বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব)। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফজলে দাইয়ান, জয়নাল আবেদীন, সরওয়ার হোসেন বাবু, ফজলে হাসান মাহমুদ ও মির্জা শাহরিয়ার জামিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছয় দলের স্কোয়াড চূড়ান্ত
এবারের আসরে অংশ নিচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস ও বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব।
গালা নাইটে ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিচিতি ও ডিরেক্ট সাইনিং খেলোয়াড়দের নাম ঘোষণার পর ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর পরিচালনায় আধুনিক সফটওয়্যারে ১৩ রাউন্ডের ড্রাফট সম্পন্ন হয়। উন্মুক্ত ক্যাটাগরিতে প্রতিটি নির্বাচনের জন্য ৯০ সেকেন্ড সময় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় ছয় দলের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়।
প্রতিটি দলে রয়েছেন ডিরেক্ট সাইনিংয়ের ২ জন, প্রিমিয়ার লীগ ক্যাটাগরির ৯ জন, প্রথম বিভাগের ৩ জন এবং দ্বিতীয় বিভাগ ও এজ লেভেল থেকে ১ জন প্রমিজিং স্টার।
খেলোয়াড়দের নির্ধারিত পারিশ্রমিক
ডিরেক্ট সাইনিং: ৪০,০০০ টাকা
প্রিমিয়ার লীগ: ২৫,০০০ টাকা
প্রথম বিভাগ: ১৫,০০০ টাকা
প্রমিজিং স্টার: ১০,০০০ টাকা
স্থানীয় ক্রিকেটে নতুন সম্ভাবনা
চট্টগ্রামে নিয়মিত স্থানীয় লীগ আয়োজনের সীমাবদ্ধতার মধ্যে সিএফএল ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। গত ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে প্রস্তুতি সভা হয়। পরে সিজেকেএস সদস্য সচিব সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লীগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা থেকে দলগুলো স্কোয়াড গঠন করেছে। স্থানীয় ও উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং আর্থিক সুরক্ষায় টুর্নামেন্টটি ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।