স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর রঞ্জি ট্রফিতে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার বেন ট্রেলোর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আম্পায়ার বিনিময় কর্মসূচির আওতায় দুটি ম্যাচ পরিচালনা করবেন তিনি।
২৬ অক্টোবর মুম্বাই-হরিয়ানা ম্যাচে দায়িত্ব পালন করবেন ট্রেলোর। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ৩০টি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট ‘এ’ ও বিগ ব্যাশ লিগের ৩৯টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার এডুকেশন অফিসার হিসেবেও কাজ করেন তিনি।
এই কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করবেন ভারতের পরাশর যোশী। শেফিল্ড শিল্ডের দুটি ও ওয়ান ডে কাপের একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি। দুই দেশের এই উদ্যোগের লক্ষ্য আম্পায়ারদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধি।