স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপুল অর্থ উপার্জন আর দীর্ঘ ক্যারিয়ারের চিন্তায় ফাস্ট বোলাররা কি গতি কমিয়ে দিচ্ছেন? আধুনিক ক্রিকেটে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে নিয়মিত বল করা পেসারের সংখ্যা কমে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।
উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে লি বলেন, তরুণ পেসারদের আরও আগ্রাসী হয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ নেওয়া উচিত। তাঁর আশঙ্কা, দীর্ঘ ক্যারিয়ার গড়া ও আর্থিক নিরাপত্তার চিন্তায় বোলাররা সর্বোচ্চ গতিতে বল করার ঝুঁকি এড়িয়ে চলছেন। -- আজকাল
২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন লি। তাঁর চেয়ে বেশি গতিতে বল করার স্বীকৃত নজির রয়েছে পাকিস্তানের শোয়েব আখতারের, যিনি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন।
লি মনে করেন, দীর্ঘদিন খেলতে গিয়ে শরীরের ওপর চাপ কমানোর প্রবণতায় অনেক পেসার ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বদলে ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে ওয়ার্কলোড ব্যবস্থাপনা ও চোট এড়ানোর গুরুত্ব মেনেও তাঁর প্রত্যাশা, দীর্ঘ ক্যারিয়ারের ভাবনায় গতি ও আগ্রাসনের সঙ্গে আপস করবেন না তরুণ বোলাররা।