শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: অভিযোগ মিথ্যা দাবি জামায়াত এমপি গাজী নজরুলের

নিজের ও প্রথম স্ত্রীর বিরুদ্ধে আনা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আত্মহত্যা করার  সময় বাসায় ছিলেন না বলেও দাবি করেছেন তিনি। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন গাজী নজরুল ইসলাম।

advertisement

রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

advertisement

মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ২২ মিনিটে তাদের আদালতে নেওয়া হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার পাঁচটি কারণ উল্লেখ করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

advertisement

বেলা ৩টা ১২ মিনিটে আসামিদের আদালতের পঞ্চম তলার এজলাসে নেওয়া হয়। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর এগুলো খুলে দেওয়া হয়।

বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এজলাসে ওঠেন। এক মিনিট পর শুরু হয় মামলার শুনানি।

তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ মেয়াদের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে বিচারক এজলাস ত্যাগ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।’

মরিয়ম কেন আত্মহত্যা করেছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’

কাঠগড়ায় নজরুল-মাকছুদা দম্পতি

আদালতের কাঠগড়ায় নেওয়ার পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমের হাতকড়া, মাথার হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়। পরে তারা পাশাপাশি দাঁড়িয়ে শুনানি শোনেন।

শুনানির একপর্যায়ে দুই হাতের ওপর মাথা রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মাকছুদা বেগম। পরে মাথা উঁচু করে কিছুটা পেছনে সরে যান তিনি। এ সময় নজরুল ইসলাম স্ত্রীর কাছে জানতে চান, তার খারাপ লাগছে কিনা। মাকছুদা জানান, ‘না’।

এ সময় মাকছুদার হিজাব কিছুটা মাথার ওপর উঠে গেলে নজরুল ইসলাম তাকে হিজাব ঠিক করে নিতে বলেন। পরে মাকছুদা নিজের হিজাব ঠিক করেন।

শুনানির পুরো সময়ে মাকছুদা বেগমকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেলেও গাজী নজরুল ইসলাম তুলনামূলক স্বাভাবিক ছিলেন।