মনিরুল ইসলাম : দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী—এই দুই নাম ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতরে দুই ভিন্ন ধারার প্রতীক। ছাত্ররাজনীতির শুরু থেকেই তাদের অনুসারীদের মধ্যে বিভাজন, প্রতিযোগিতা এবং মনস্তাত্ত্বিক দূরত্ব নিয়ে নানা আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকাকেন্দ্রিক প্রভাব, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের মাঠপর্যায়ের উপস্থিতির কারণে আমান উল্লাহ আমানের প্রভাব ছাত্রদলে ছিল সুদৃঢ়। অন্যদিকে রুহুল কবির রিজভীও নিজস্ব বলয় ও রাজনৈতিক দক্ষতায় শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। তবে এই দুই নেতার মধ্যকার অদৃশ্য দ্বন্দ্ব বহু সময় দলীয় কার্যক্রমে প্রভাব ফেলেছে বলেও অনেকে মনে করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার এই দূরত্ব কমানোর উদ্যোগ নিলেও তা পুরোপুরি সফল হয়নি। ফলে ছাত্রদলের ইতিহাসে বিভক্তির নানা অধ্যায় তৈরি হয়েছে, যা দলীয় রাজনীতির জন্য কখনো ইতিবাচক, কখনো বিতর্কিত প্রভাব ফেলেছে।
তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সেই দীর্ঘদিনের বিভাজন অবসানের ইঙ্গিত মিলছে। বর্তমানে আমান উল্লাহ আমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন—যা দলীয় ঐক্যের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এই দুই নেতা একসঙ্গে অংশ নেন এবং বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে আমান উল্লাহ আমান বলেন, “আজকের বৈঠকটি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই।”
এ সময় দীর্ঘদিনের গম্ভীর ইমেজের জন্য পরিচিত রিজভীকেও হাস্যোজ্জ্বল দেখা যায়, যা রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর অন্যতম সফল ভিপি হিসেবে পরিচিত। অন্যদিকে রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি। ছাত্রদলের নেতৃত্বেও তারা প্রায় একই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের আশা, অতীতের বিভাজন ভুলে এই দুই অভিজ্ঞ নেতার সমন্বিত নেতৃত্ব বিএনপির ভবিষ্যৎ রাজনীতিকে আরও শক্তিশালী করবে। অনেকেই মনে করছেন, রুহুল কবির রিজভী আগামীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।
দলীয় ঐক্যের এই নতুন অধ্যায়ে দুই নেতাকেই অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।