মনিরুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ-এর ১৯৪৮ সালের একটি ‘বিতর্কিত’ ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার ১৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জিন্নাহ ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ ঘোষণা দেন। সেই বক্তব্যের বিরুদ্ধেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাৎক্ষণিক প্রতিবাদে সোচ্চার হয়েছিল, যা পরবর্তীতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি গড়ে দেয়।
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, যে ডাকসু একসময় বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার হিসেবে ভূমিকা রেখেছে, সেই প্রতিষ্ঠানের সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং ইতিহাসের প্রতি অবমাননা।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও অভিযোগ করে, ডাকসুর বর্তমান নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ন্যায্য অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং পরিষদটিকে নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করা হয়।
এতে বলা হয়, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে শুরু করে সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন—এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি ‘প্রচ্ছন্ন সমর্থন’ নির্দেশ করে।
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা ও চেতনা বিকৃতির সব প্রচেষ্টা বন্ধ করতে হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাষা আন্দোলনের চেতনা ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো ‘অপশক্তির’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।