ঢাকার ২ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করোপরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
এদিকে রোববার ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সভায় সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহিদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনাও দিয়েছেন তিনি।
এদিন সভায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।