মনিরুল ইসলাম : দেশে চলমান গ্যাস সংকট আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুহুল কবির রিজভী। তিনি জানান, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
আজ বুধবার ২ সেপ্টেম্বর সকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের নীতির কারণে নয়, বরং বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিশেষ করে শিল্পখাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর ফলে মিল-কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে এবং উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। ইতোমধ্যে ছয় মাসে নির্ধারিত আড়াই কোটি গাছের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় তিন কোটি গাছ রোপণ করা হয়েছে।
রিজভী বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, দেশের জলাভূমি, নদ-নদী, খাল-বিল পুনঃখনন ও দূষণমুক্ত করাও জরুরি। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা অংশ নেন।