শিরোনাম

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অদৃশ্য ষড়যন্ত্রের আশঙ্কা, গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো নানা ধরনের অদৃশ্য ষড়যন্ত্রের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দৃশ্যমান না হলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ষড়যন্ত্র থেমে নেই, বরং তা ভিন্ন আকারে চলমান রয়েছে।

বুধবার এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের অতীত সংগ্রাম, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়ন ও বৈরী পরিবেশের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এই সময়ের ত্যাগ ও ঐক্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি জানান, প্রায় দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে এবার বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, যা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে গৃহীত ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলটি টিকে থাকবে কি না— এমন শঙ্কা তৈরি হয়েছিল। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সেই সংকট কাটিয়ে উঠে এবং পরবর্তীতে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে দলের বিজয়ের কথাও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাবন্দি করে বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছিল। পরে তারেক রহমান দলের নেতৃত্ব গ্রহণ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত রাখেন এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির ওপর ব্যাপক নির্যাতন চালানো হলেও দলটি ভেঙে পড়েনি। বরং আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আসে।

তিনি জানান, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বর্তমান সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ করা বড় চ্যালেঞ্জ। তবে ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে তিনি বলেন, “অদৃশ্য ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।”

  • সর্বশেষ